
আমি ২৫ বছর ধরে মিডিয়ায় আছি। কেউ বলতে পারবেন না, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা কারও শিডিউল ফাঁসিয়েছি আমি । অথচ ব্রেকিং নিউজ করতে এসে নিজেই অনেকটা নিউজের শিরোনাম হয়ে গেলাম বলতে পারেন।’ কথাগুলো বলছিলেন বাংলা সিনেমার এক সময়ের সুদর্শন নায়িকা দিতি। সম্প্রতি তিনি পরিচালনায় নাম লিখিয়েছেন। রুম্মান রশীদের লেখা এ নাটকটির নাম ব্রেকিং নিউজ। আর ব্রেকিং নিউজ পরিচালনা করতে এসে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে দিতিকে। পরে অবশ্য কোনো রকমে রক্ষা পান তিনি। দিতি আরও বলেন, বর্তমানে মিডিয়ায় গুটিকয়েক শিল্পী আছেন, যাঁরা আসলে কাজ করার মানসিকতা নিয়ে এখানে আসেননি। তাঁরা যে কেন মিডিয়ায় এসেছেন, সেটা আসলে তাঁরা নিজেরাই জানেন না। মিডিয়াকে ধ্বংস করার জন্য এ ধরনের শিল্পী কয়েকজনই যথেষ্ট।
নাটক পরিচালনা করতে এসে অনেকটা চুন খেয়ে মুখ পোড়ার মতোই অবস্থা হয়েছে দিতির। তাই আপাতত পরিচালনা থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখছেন নিজেকে। কথা প্রসঙ্গে দিতি এও বলেন, ‘আমি এখনো পর্যন্ত ব্যস্ত সময় পার করছি অভিনয়ে। তাই যত দিন পর্যন্ত অভিনয়ের শক্তি-সামর্থ্য থাকবে, তত দিন কোনো পরিচালনা করব না। তবে ভবিষ্যতে পরিচালনা যদি করতেই হয়, তাহলে সিনেমা পরিচালনায় নিজেকে মনোনিবেশ করব।’
দিতির পরিচালনায় ব্রেকিং নিউজ নাটকটি আগামী ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, দিতি, সাবেরী আলমসহ আরও অনেকে।
No comments:
Post a Comment